বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশের আবাসন, শিল্প ও অবকাঠামো খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে লিফট ও এস্কেলেটরকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ (মূলধনী যন্ত্রপাতি) হিসেবে ঘোষণা এবং বিদ্যমান শুল্ক কাঠামো যৌক্তিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।

বুধবার (১৭ জুন) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানান।

তিনি বলেন, বর্তমান নগরায়ণ, বহুতল ভবন নির্মাণ, শিল্পায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে লিফট কোনো বিলাসদ্রব্য নয়; বরং এটি একটি অপরিহার্য মূলধনী যন্ত্রপাতি।

শফিউল আলম উজ্জ্বল অভিযোগ করেন, ২০২৩ সালে লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ শ্রেণি থেকে সরিয়ে কমার্শিয়াল পণ্য হিসেবে শ্রেণিবদ্ধ করার পর ২০২৪ ও ২০২৫ অর্থবছরেও ধারাবাহিকভাবে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ফলে ২০২৩ থেকে ২০২৫ অর্থবছরে লিফট আমদানির ওপর মোট শুল্কহার প্রায় ১১ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। ফলে আবাসন শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং অনেক লিফট কোম্পানি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, যার কারণে বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছেন।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বর্তমানে লিফট আমদানির ওপর উচ্চহারে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর আরোপিত থাকায় এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ ভোক্তা ও আবাসন শিল্পের ওপর। স্থানীয় শিল্প সুরক্ষার যুক্তি দেখিয়ে আমদানিকৃত আন্তর্জাতিক মানসম্পন্ন লিফটের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে বহুতল ভবনে লিফট স্থাপনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত ফ্ল্যাটের প্রতি বর্গফুটের মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ ক্রেতার ওপর বর্তেছে। ফলে মধ্যবিত্তের জন্য নিজস্ব আবাসনের স্বপ্ন ক্রমশ দূরবর্তী হয়ে যাচ্ছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, দেশের পরিকল্পিত নগরায়ণ, স্মার্ট সিটি বিনির্মাণ এবং নিরাপদ অবকাঠামো উন্নয়নের স্বার্থে লিফট খাতের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, বেলিয়ার সাধারণ সম্পাদক মো. ইয়াদুল হক, বেলিয়ার উপদেষ্টা এমদাদ উর রহমান, বেলিয়ার সহ-সভাপতি অসীম সরকার, বেলিয়ার পরিচালক মোহাম্মদ জাকিরুল হক এবং বেলিয়ার চট্টগ্রাম প্রতিনিধি মো. ইউসুফ নবী।

বেলিয়ার নেতারা বলেন, লিফটের ওপর অযৌক্তিক শুল্ক আরোপের ফলে বহুতল ভবনে লিফট স্থাপনের ব্যয় বেড়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত আবাসনের মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। একইসঙ্গে নিম্নমানের ও রিকন্ডিশনড লিফট ব্যবহারের ঝুঁকিও বাড়ছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার লিফট খাতের যৌক্তিক দাবিসমূহ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যা দেশের আবাসন, শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- লিফট ও এস্কেলেটরকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে ঘোষণা; লোড ফ্যাক্টর প্রতি কেজি ৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৫০ মার্কিন ডলার নির্ধারণ; স্থানীয় উৎপাদনের নামে আমদানিকৃত কাঁচামালের অপব্যবহার রোধে কার্যকর নজরদারি; বন্দর পর্যায়ে স্কেলিং, মূল্যায়ন ও ক্লিয়ারিং প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণ; আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ লিফট আমদানির জন্য শুল্ক ও কর কাঠামোর যৌক্তিক সংস্কার; শুল্ক ও করের অতিরিক্ত চাপের কারণে অনেক ক্ষেত্রে কম খরচে নিম্নমানের বা রিকন্ডিশনড লিফট ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। শুল্ক যৌক্তিকীকরণ করা হলে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই লিফট আমদানি নিশ্চিত করা সম্ভব হবে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন