
ছবি: প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন্যতম মর্যাদাপূর্ণ একাডেমিক স্বীকৃতি ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানের ব্যানারে বানান ভুল এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ব্যানারের ভুল সংশোধনে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এছাড়া উপাচার্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, উপাচার্য ভবন (ভিসি ভবন) ও শহীদ রফিক ভবনের সামনে টানানো একাধিক ব্যানারে ইংরেজি মাস ‘June’-এর পরিবর্তে ‘Jnue’ লেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক অনুষ্ঠানের ব্যানারে এমন স্পষ্ট বানান ভুল উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের নজরে এলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অনুষ্ঠান চলাকালেও ব্যানারগুলো সংশোধনের কোনো উদ্যোগ দেখা যায়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতিতে প্রয়োজনীয় তদারকির ঘাটতি ছিল। তাদের মতে, এটি কেবল একটি বানান ভুল নয়; বরং আয়োজকদের দায়িত্বশীলতা ও প্রস্তুতির মান নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
শুধু ব্যানারের ভুলই নয়, অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ তুলেছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, নির্ধারিত পাস কার্ড ছাড়াই অনেককে মিলনায়তনে প্রবেশের সুযোগ দেওয়ায় অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। এতে আমন্ত্রিত অতিথি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আসনসংকটে পড়েন। পাশাপাশি প্রবেশ নিয়ন্ত্রণ, অতিথি ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়েও ঘাটতি ছিল বলে অভিযোগ করেন উপস্থিতরা।
সামাজিকবিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক সম্মাননা অনুষ্ঠানে এমন ভুল হতাশাজনক। একটি বানান ভুল হয়তো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এটি প্রতিষ্ঠানের পেশাদারিত্ব ও ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত। এমন আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা প্রত্যাশিত।”
আরেক শিক্ষার্থী বলেন, “যারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আমন্ত্রিত ছিলেন, তাদের অনেকেই ভোগান্তিতে পড়েছেন। পাস কার্ড ছাড়া লোকজন প্রবেশ করায় মিলনায়তনে অতিরিক্ত ভিড় হয়েছে। এত বড় আয়োজনে এমন বিশৃঙ্খলা কাম্য নয়।”
শিক্ষার্থীদের একাংশের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে প্রায়ই পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি দেখা যায়। ডিন’স অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ আয়োজনেও সেই চিত্রের পুনরাবৃত্তি হয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন প্রথমে ব্যানারে ভুল থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ব্যানারের ছবি দেখানো হলে তিনি বলেন, “আমাদের হাতে সময় খুবই কম ছিল। প্রস্তুতির কাজ দ্রুত সম্পন্ন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এ ধরনের ভুল হয়ে থাকতে পারে।”
তবে শিক্ষার্থীদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক স্বীকৃতিমূলক অনুষ্ঠানের ব্যানারে এমন স্পষ্ট ভুল কীভাবে সংশ্লিষ্টদের নজর এড়িয়ে গেল। একই সঙ্গে অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগগুলোও প্রশাসনের প্রস্তুতি ও তদারকির মান নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।