শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ডুমুরতলা এলাকা থেকে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা সাবান ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় বেবি সাবান জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা সাবানগুলোর সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।