
ছবি প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ৪ জনকে আটক করা হয়েছে।
১৮ জুন ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের নির্দেশনায় তাহিরপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহিরপুরের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে ড্রেজার ও বারকি নৌকা জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং তাহিরপুর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় একজন অভিযুক্তকে ১৮০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জামালেরচর এলাকায় উত্তোলিত বালু অবৈধভাবে লোড করার সময় আটক আরও তিনজন অভিযুক্তকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নদীর তীরবর্তী ঘাগটিয়া, ঢালারপার, জামালেরচর, বিজিবি ক্যাম্প ও শিমুল বাগানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক টহল পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।