খুলনা: খুলনা নগরীর সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যানার-ফেস্টুনসহ দলে দলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন।
শনিবার (২০ জুন) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
গণরায়ের বাস্তবায়ন, বাজারদরের ঊর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ নানামুখী জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম চাঁন।
খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, ‘সমাবেশে বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে রূপ নেবে। এজন্য চারপাশে ২৫০-৩০০টি মাইকের হর্ণ লাগানো হয়েছে। নয়টি জেলা থেকে আগত যানবাহনগুলো নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে।’