সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ দেওয়ার দাবি গ্রাহক ফোরামের

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা বলেছেন, ব্যাংকটির তিন কোটি গ্রাহকের মতামত উপেক্ষা করে কোনো বোর্ড গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক অভিমুখে অভিযাত্রা ও অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুল নবী মানিক। কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও সংগঠনের নেতারা অংশ নেন।

নুরুল নবী মানিক বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট নিরসনে গ্রাহক ফোরাম ধারাবাহিকভাবে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের সংশ্লিষ্ট মহলে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকে দ্রুত একটি পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

গ্রাহক ফোরামের সভাপতি দাবি করেন, নতুন পরিচালনা পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যারা ঋণখেলাপি নন, অর্থ লুটপাটের সঙ্গে জড়িত নন এবং ব্যাংক পরিচালনায় দক্ষ ও সৎ। প্রয়োজনে ২০১৭ সালের আগে ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে বোর্ড সদস্য নির্বাচন করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে নুরুল নবী মানিক বলেন, দেশের ব্যাংকিং খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বর্তমান কর্তৃপক্ষ উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে তা একটি ঐতিহাসিক দায়িত্ব পালন হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি তিন কোটি গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই গ্রাহকদের মতামত ও অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে বোর্ড গঠন করা প্রয়োজন। অন্যথায় গ্রাহকদের আস্থা নষ্ট হলে ব্যাংকটি বড় ধরনের সংকটে পড়তে পারে।

সমাবেশে সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে গ্রাহক ফোরামের নেতারা বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। কোনো ধরনের আইনি ব্যাখ্যা বা কারসাজির মাধ্যমে ওই শেয়ার আবারও সংশ্লিষ্ট গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে।

একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। তাদের দাবি, দেশের ব্যাংকিং খাত থেকে লুটপাট হওয়া অর্থ উদ্ধার এবং দায়ীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের শরিয়াভিত্তিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন