ঢাকা: আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। এর আগে, সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি এখনো চলমান। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি, এই বিচার প্রক্রিয়া ধীরগতি করে রাখা হয়েছে।
তিনি নৃশংসতা, সরকারের ব্যর্থতা ও ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, ৪ জুলাই জেলার কর্মসূচিতেও গুম, খুনের বিচার দাবি থাকবে। পাশাপাশি নিত্যপণের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দাবি ও প্রতিবাদ থাকবে।
এ সময় ১১ দলীয় ঐক্যর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।