চট্টগ্রাম: সিটি করপোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে অবৈধভাবে ইলেকট্রিক ইজি বাইক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় চসিকের অঞ্চল-৬ এর আওতাধীন মধ্যম হালিশহরের মাইজপাড়া কুমারী পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নুরুল ইসলাম কোম্পানির গ্যারেজে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে Torrit Brand-এর EV Easy Bike 1500 মডেলের ইজি বাইক বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় বিক্রয়ের জন্য রাখা একটি ইজি বাইক জব্দ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চসিকের অনুমোদনের বিষয়টি প্রচার করে ইজি বাইক বিক্রির চেষ্টা করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল।’
তিনি আরও বলেন, ‘নগরবাসীর স্বার্থ রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে। কেউ চসিকের নাম বা অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, নগরবাসীকে কোনো যানবাহন বা পণ্য ক্রয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং বৈধ কাগজপত্র যাচাই করে লেনদেন করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।