নাটোর: নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ব্যাটারিচালিত ভ্যান জব্দসহ আংশিক মালমাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৩০ মে গভীর রাতে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার সাজিদ জুট মিলে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। পরে মিলে কর্মরতদের জিম্মি করে হাত-পা বেঁধে তাদের মোবাইলফোন কেড়ে নেয় ডাকাতেরা। এরপর চার ঘণ্টা ধরে চলে ডাকাতি। পরে ডাকাতরা মিলের ট্রান্সফরমার, সাব স্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর, স্পেয়ার পার্সসহ ৮৩ লাখ ৬০ হাজার টাকা মুল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যায়।‘
পুলিশ সুপার আরও জানান, ডাকাতদল এ সময় নগদ ২ লাখ টাকাও হাতিয়ে নেয়। পরে ঐ দিনই মামলা হলে পুলিশ অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (২২ জুন) পাবনার আটঘরিয়া থেকে মাহতাব, সেলিম, লিটন, সাদ্দাম, খালেক ও সাগর নামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করে।
পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ব্যাটারিচালিত চার্জার ভ্যান, পাঁচটি মোবাইলফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের আটক করতেও অভিযান অব্যাহত রয়েছে।