টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৯ জন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষিজমিতে ব্যবহৃত তরল কীটনাশক প্রয়োগ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল সোয়া ১০টার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় অনেকেই বমি করতে শুরু করে। পরে ৩২ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরমধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।’
তিনি আরও বলেন, ‘টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রীম উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।’
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।’