‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর জামায়াত কর্মীদের
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ০)

X
সাংবাদিককে মারধর
ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হয়।
মিছিলের পর ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘাতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জামায়াত কর্মীরা শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির বলেন, ‘জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার।’
তিনি আরও বলেন, ‘আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?’
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কি না- তাও আমরা তদন্ত করে দেখবো।’