শেখ হাসিনাকে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

X
নারী এমপি রেহানা আক্তার রানু
শেখ হাসিনার শাসনামলে ‘আয়নাঘরে’ বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’দিতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
রানু বলেন, জুলাই আন্দোলনে তার নির্বাচনি এলাকা ফেনীর ১১ জন নিহত হয়েছেন। সংসদ সদস্য হওয়ার পর নিহতদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে পুলিশ প্রশাসন ও আদালতের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।
তাদের অভিযোগের কথা তুলে ধরে এই এমপি বলেন, “তারা আমাকে বলেছে, ‘আমরা আপনাদের কাছে কিছু চাই না। আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি সংসদে এই কথাটি ধরবেন’।”
এরপর আয়নাঘরের প্রসঙ্গ তুলে রানু বলেন, “কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো।”
এ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সময় শেষ হওয়ার কথা জানিয়ে এক মিনিটে বক্তব্য শেষ করতে বলেন। পরে অনুরোধে তাকে আরও দুই মিনিট সময় দেন স্পিকার।
এরপর রানু বলেন, “যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে।”
বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনৈক্যের কারণে আল্লাহ না করুক—দানব হাসিনা যদি ফিরে আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন; তাদের জীবনটা কালো করে ছাড়বে।”
বাজেট আলোচনায় অংশ নিয়ে রানু প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানান। জাতীয় রাজস্ব বোর্ডে `সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।