ময়মনসিংহ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে পাটগুদাম ব্রিজ ও সংলগ্ন এলাকায় রবিবার (১৫ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি. এম. কাউসার জামান।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত পার্কিং জোনের বাইরে অবস্থান করা সিএনজি ও লেগুনাগুলোকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়, যাতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
এছাড়াও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে একজন চালককে অর্থদণ্ড প্রদান করা হয় এবং সকল চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট কমাতে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
