Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলার গ্যাসে দক্ষিণাঞ্চলে শিল্প বিপ্লব: মহাপরিকল্পনার ওপর তথ্যমন্ত্রীর জোর

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ভোলার বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে শিল্প-কারখানা নির্ভর একটি সমন্বিত মহাপরিকল্পনা বা ‘মাস্টারপ্ল্যান’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এ অঞ্চলে কীভাবে শিল্পায়ন ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে দক্ষ ও চিন্তাশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভোলাতে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাসকে দক্ষিণাঞ্চলে শিল্প কল-কারখানা নির্ভর একটি পরিকল্পনার মধ্যে কীভাবে আনা যায় এবং কীভাবে তা ছড়িয়ে দেওয়া যায়-এই চিন্তাটি অত্যন্ত জরুরি। যারা এ বিষয়ে চিন্তা করতে সমর্থ, তাদের উদ্বুদ্ধ করতে হবে।’

তিনি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘পেশাগত কারণে আপনারা অনেক তথ্য সংগ্রহ করেন। আপনারা এই তথ্যগুলোকে জড়ো করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের একটি স্বপ্নের ‘ধারণাপত্র’ বা পরিকল্পনাপত্র তৈরি করতে পারেন। এটি আমাদের মতো নীতি-নির্ধারকদের ওপর একটা ইতিবাচক মানসিক চাপ তৈরি করবে।’

দক্ষিণাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ভাঙ্গা পর্যন্ত ছয় লেনের রাস্তা হওয়ার পর বাকি পথ এখনো চ্যালেঞ্জিং। কুয়াকাটার মতো বিশাল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এর পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উদ্যোগের ঘাটতি রয়েছে। বিমান চলাচলেরও সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন। এই বিষয়গুলোকে সামগ্রিক উন্নয়নের ফ্রেমে নিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।