মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, বগুড়ায় খামারিকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ০)

X
মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, বগুড়ায় খামারিকে জরিমানা
বগুড়ার সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় (খানপাড়া) এলাকায় মৃত গরুর মাংস বাজারজাত করার অপচেষ্টার অভিযোগে এক খামারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে আগুনিয়াতাইড় (খানপাড়া) গ্রামের একটি খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামার মালিক রুপা বেগমের একটি গরু মারা গেলে সেটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্তকে আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী রুপা বেগমকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোস্তফা কামাল এবং উপজেলা ভূমি অফিসের নাজির মো. সায়েদ হোসেন উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যবিরোধী ও আইনবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা শুধু প্রতারণাই নয়, এটি মানুষের স্বাস্থ্য ও জীবনের সঙ্গে সরাসরি ছিনিমিনি খেলার শামিল। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।