এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আসল পরীক্ষার্থীসহ আটক ২
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
চলতি এইচএসসি পরীক্ষায় নওগাঁর পোরশায় বাংলা বিষয়ের পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে এসে বিপ্লব বর্মণ (২০) নামে এক প্রক্সি পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, প্রক্সি পরীক্ষার্থী উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের সমর বর্মণের ছেলে বিপ্লব বর্মণ এবং আসল পরীক্ষার্থী গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র ও বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে জাহিদ হাসান (২১)।
শনিবার তাদের পোরশা সরকারি কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। বিপ্লব বর্মণ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্র।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. নাবিলা ফেরদৌস জানান, চলতি এইচএসসি পরীক্ষার শনিবার বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। এ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র জাহিদ হাসানের (২১)। কিন্তু তিনি নিজে পরীক্ষায় অংশ না নিয়ে একই কলেজের এক সাবেক শিক্ষার্থীকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করান।
বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে আসল পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।