পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলায় শুনানি আজ

পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলায় শুনানি আজ

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি।

মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন