কুবির দুই অনুষদের ১৪০ শিক্ষার্থী পেল মেধাবৃত্তি ও স্টাইপেন্ড

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ডের চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের ৭২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬৮ জন শিক্ষার্থীকে মেধাবী স্টাইপেন্ড প্রদান করা হয়।
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা শুধু শিক্ষার্থীদের অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং তাদের মেধা, অধ্যবসায় ও সম্ভাবনার স্বীকৃতি।” তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, নেতৃত্বের গুণাবলি ও স্টার্টআপ সংস্কৃতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।” তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “একাডেমিক সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।”
পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নুসরাত জাহান অনু বলেন, “এই বৃত্তি আমার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।” আরেক শিক্ষার্থী হোসনে আরা সিরমা বলেন, “রাত জেগে পড়াশোনা ও নিয়মিত প্রস্তুতির ফল পেয়েছি। এই মেধাবৃত্তি আগামী দিনে আরও ভালো ফল করার উৎসাহ জোগাবে।”
উল্লেখ্য, গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মেধাবী, অসচ্ছল মেধাবী ও স্পোর্টস ক্যাটাগরির মোট ৪০২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি অনুমোদন করা হয়। পরবর্তীতে অনুষদভিত্তিক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে।