রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের পাঠানো খুদে বার্তায় শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এই হত্যাকাণ্ডের ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছিলেন এবং তারা সরাসরি ‘শুটার’ হিসেবে কাজ করেছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য র্যাব-৪ শিগগিরই একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে।
গত বছরের ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের দোকানে হেলমেট ও মুখোশ পরা তিন সশস্ত্র ব্যক্তি গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে। ঘটনার পর তারা পালানোর সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করলে, দ্রুত না চালানোর কারণে চালক আরিফ হোসেন (১৮)কে কোমরে গুলি করা হয়। এ সময় স্থানীয়রা জনি ভূঁইয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় জনিসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।
কুশল/সাএ
