বিজিএমইএ’র নতুন মহাসচিব মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম (অব.)
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

X
সংগৃহীত ছবি
দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি, এমফিল (অব.)।
বিজিএমইএ সূত্রে জানা যায়, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি এবং উচ্চশিক্ষা খাতে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন।
মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া তিনি এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিব তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, কূটনৈতিক দক্ষতা এবং উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন বিজিএমইএ-তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিজিএমইএ পর্ষদ ও সকল উদ্যোক্তার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।
বিজিএমইএ মনে করছে, তার নেতৃত্বে সংগঠনটি নতুন উদ্যমে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।