
দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬ শেষে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ), ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সাফভুক্ত সাতটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি, শীর্ষ কর্মকর্তাসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আনুষ্ঠানিক ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। তাঁদের উপস্থিতি আয়োজক, স্বাগতিক ফেডারেশন এবং টাইটেল স্পনসরের সমন্বিত সহযোগিতার প্রতিফলন ঘটায়।
ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হওয়ায় এখন অংশগ্রহণকারী দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি আরও জোরদার করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যেও টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশা নতুন মাত্রা পেয়েছে।
ড্র অনুষ্ঠানে টেকনো মোবাইল বাংলাদেশের কার্যক্রম পরিচালনাকারী আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর আনুষ্ঠানিক ড্র টুর্নামেন্টের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রুপ চূড়ান্ত হওয়ায় প্রতিটি দল এখন আরও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশা ও আগ্রহ আরও বাড়বে।
টাইটেল স্পনসর হিসেবে টেকনো এমন একটি প্ল্যাটফর্মের অংশ হতে পেরে গর্বিত, যা ক্রীড়া নৈপুণ্য উদ্যাপনের পাশাপাশি আঞ্চলিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি অনুপ্রাণিত করবে।”
টাইটেল স্পনসর হিসেবে টেকনো জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি খেলোয়াড়, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার জন্য একটি স্মরণীয় ও বিশ্বমানের চ্যাম্পিয়নশিপ উপহার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।