খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ০)

X
অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
খুলনায় শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ। বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃত যুবক রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মজিবর আকনের ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য।
মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযু্িক্তর সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। গ্রেপ্তারকৃত রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।