ফ্রান্স প্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ দীর্ঘ অপেক্ষার পর নিজের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন। লোকসংগীতে ভূমিকা রাখায় সাম্প্রতিক সময়ে জয়া বর্মণকে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়েছে।
‘মনঘুড়ি’ শিরোনামের রোমান্টিক বাংলা আধুনিক গানটি ৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে। গানটিতে জয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সমরজিৎ রায়।
সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যাপেল মিউজিক, স্পোটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। গানটির মিউজিক ভিডিওর কাজও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত জয়া বর্মণ। তিনি বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয়দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’
সমরজিৎ রায়ের ভাষায়, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
বাংলা লোকসংগীতের প্রতি আগ্রহের কারণে জয়া বর্মণ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচিত। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছেন তিনি। মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ ও চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’য় তার উপস্থিতি উল্লেখযোগ্য।