নেত্রকোনায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে সাদিয়া ইসলাম নামে (২৩) এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকায় আবার টাকা আনতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার রাতে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় সাদিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেন। জানতে চাইলে প্রিয়া আক্তার বলেন, ‘আমিসহ পাঁচ জনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছে। মঙ্গলবার সকালে আমাকে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সাদিয়া জানায়। মঙ্গলবার বিকেলে আরেক মহিলার কাছ থেকে তিন হাজার টাকা নিতে এলে স্থানীয় লোকজন তারে আটক করেছে। সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমি এর বিচার পেতে মামলা করেছি।’
এসনসিপির জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। মনে হয় সে চক্রান্তের শিকার। তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তবে তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’