গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৪ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (বনা দিঘীরপাড়) এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ফরিদের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কর্ণপুর (বনা দিঘীরপাড়) এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে ফরিদ (২৮), এনামুল হক বাবুলের ছেলে শাকিল (২৫), পটকা গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান (৩২), বরমী ইউনিয়নের সোনাকর (নতুন বাজার) গ্রামের নাজমুলের ছেলে মাহমুদুল হাসান রিমন (২৫) এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮৪ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।