বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ফিরে এসেছে পৃথিবীতে এমন নজির নেই। একই সঙ্গে কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, ‘যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন, এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।’
দেশের বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সাত বিভাগে বিমানবন্দর রয়েছে। বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আরও অনেক এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিমানমন্ত্রী বলেন, চীনের কিছু বুলেট ট্রেন ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও চলবে।
শেরপুরের পর্যটন খাতের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। পাশাপাশি আকস্মিক পাহাড়ি ঢল থেকে শেরপুরকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।