দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিকভাবে ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।