বর্ষার ভাষ্য, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো সময়, যত্ন, ব্যবহার এবং আন্তরিকতা। তিনি লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’ জীবনের প্রয়োজন মেটাতে অর্থ গুরুত্বপূর্ণ হলেও সম্পর্কের ক্ষেত্রে সেটিই সবচেয়ে বড় বিষয় নয় বলে মনে করেন বর্ষা।
তাঁর মতে, প্রিয় মানুষটির জন্য সময় দেওয়া, যত্ন নেওয়া এবং ভালো ব্যবহারের পাশাপাশি তাকে নিজের পারিবারিক পরিসরের সঙ্গে যুক্ত করাও সম্পর্ককে গভীর করে। বর্ষা মনে করেন, কোনো মানুষকে যদি সত্যিই জীবনের দীর্ঘ পথের সঙ্গী হিসেবে দেখতে হয়, তাহলে তাকে শুধু নিজের জীবনের নয়, পরিবারেরও অংশ করে নেওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'একজন মানুষের সঙ্গে যখন পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়, তখন সেই বন্ধন আর কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা অন্য মানুষগুলোর কথাও ভাবতে হয়।'
বর্ষার পরামর্শ, পছন্দের মানুষটিকে পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়া উচিত। কারণ একটি সম্পর্ক যত বেশি পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত হয়, ততই সেখানে মায়া, সম্মান ও দায়িত্ববোধ তৈরি হয় বলে মনে করেন তিনি।