নাটোরের লালপুরে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আতিকুল ইসলামের মেয়ে আতিয়ারা (৯) ও ছেলে আবু বক্কর (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে সম্প্রতি খনন করা একটি পুকুরপাড়ে কাদামাটি দিয়ে খেলছিল দুই ভাই-বোন। খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন আতিয়ারাও পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।