চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা হেডকোয়ার্টারের বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৫৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২ হাজার ৬৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।