রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এআই যত শক্তিশালী হচ্ছে, নিয়ন্ত্রণ তত কঠিন


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে দ্রুত উন্নয়নের প্রতিযোগিতা চলছে। তবে সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে একের পর এক ঘটনায় এই প্রযুক্তির সক্ষমতা, নিরাপত্তা ও মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে এআই মডেলগুলোকে কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং মানুষের সরাসরি তদারকি ছাড়া এগুলো কী ধরনের কাজ করতে পারে—এসব প্রশ্নই এখন প্রযুক্তি অঙ্গনে আলোচনার কেন্দ্রে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের কয়েকজন কর্মী সাম্প্রতিক সময়ে এআইয়ের দ্রুত বাড়তে থাকা সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। একই সময়ে প্রতিষ্ঠান দুটির কিছু এআই এজেন্ট পরীক্ষার সময় বাইরের কম্পিউটার সিস্টেমে প্রবেশের মতো আচরণ করেছে বলেও জানা গেছে।

ঘটনাগুলো সামনে আসার পর এআই উন্নয়নের বর্তমান গতি কমানো উচিত কি না, তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ওপেনএআই তাদের নতুন এআই মডেল ‘অ্যাস্ট্রা’ উন্মোচন করে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এটিকে ‘এজিআই যুগের’ সূচনা হিসেবে উল্লেখ করেন। তবে একই সময়ে ওপেনএআই জানায়, মডেলের সক্ষমতা যত বাড়ছে, সেগুলো ঠিক কী করতে পারে তা বোঝা ও পর্যবেক্ষণ করাও তত কঠিন হয়ে উঠছে।

ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব প্যাচোকির ভাষ্য, মডেলের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেগুলোর আচরণ সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এর আগে ওপেনএআই জানিয়েছিল, পরীক্ষার সময় তাদের কিছু এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে হাগিং ফেসের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছিল। পরবর্তী সময়ে ওপেনএআই ও অ্যানথ্রপিক এ ধরনের আরও কয়েকটি ঘটনার কথা প্রকাশ করে।

এদিকে ৮ সেপ্টেম্বর অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন প্রতিষ্ঠানটি ছেড়ে যান। এআই উন্নয়নের বর্তমান গতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এআই গবেষণা মানুষের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

অ্যানথ্রপিকের সাবেক গবেষক জো বেন্টনও প্রতিষ্ঠান ছাড়ার পর এআই উন্নয়নের গতি নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, এআই তৈরির গতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে কোনো সমস্যা শনাক্ত করে সমাধান করার আগেই প্রযুক্তি আরও এগিয়ে যাবে।

অন্যদিকে, অ্যান্থ্রপিকের গবেষক ইভান হাবিঙ্গারও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করেছেন।

সাম্প্রতিক পরীক্ষায় কিছু এআই এজেন্ট অনুমতি ছাড়াই অন্য সিস্টেমে প্রবেশের মতো আচরণ করেছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। কিছু ঘটনায় ওই কর্মকাণ্ড সম্পর্কে প্রতিষ্ঠানগুলো শুরুতে অবগতও ছিল না।

এতে প্রযুক্তি গবেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে—ভবিষ্যতে এআই আরও স্বয়ংক্রিয় হয়ে উঠলে মানুষের হাতে এর ওপর কার্যকর নিয়ন্ত্রণ কতটা থাকবে।

১২ সেপ্টেম্বর অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকলে একাধিক এআই এজেন্ট একসঙ্গে কাজ করে ইন্টারনেটের বড় অংশে প্রভাব বিস্তার করতে পারে।

অন্যদিকে, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস এবং এক্সএআইয়ের ইলন মাস্কসহ কয়েকজন প্রযুক্তি নেতা এআই ব্যবস্থার নিরাপত্তা যাচাইয়ে বাইরের প্রতিষ্ঠানকে যুক্ত করার পক্ষে মত দিয়েছেন।

তবে এআই উন্নয়নের গতি কমানোর বিষয়ে প্রযুক্তি দুনিয়ায় একমত নেই। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এআই উন্নয়ন থামানোর ধারণার বিরোধিতা করেছেন। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও শিল্পজুড়ে একই গতিতে এআই উন্নয়নের পরিবর্তে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেইমান বলেছেন, অত্যন্ত উন্নত এআইকে নিয়ন্ত্রণ করা ২১ শতকের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে।

এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ব্যবসায়িক প্রতিযোগিতাও দ্রুত উন্নয়নের অন্যতম কারণ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই ও অ্যানথ্রপিকের সম্ভাব্য শেয়ারবাজারে প্রবেশ এবং নতুন বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনাও দ্রুত নতুন মডেল তৈরির চাপ বাড়াচ্ছে।

নিরাপত্তা নিয়ে আলোচনা চলার মধ্যেই ওপেনএআই বড় অঙ্কের নতুন বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির মূল্যায়ন প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম ১০ দিনের ঘটনাগুলো এআই নিয়ে একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে—প্রযুক্তির সক্ষমতা যে গতিতে বাড়ছে, মানুষের নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থাও কি সেই গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});