নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ভূমি সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন প্রশ্ন শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উমার-আলমপুর ইউনিয়ন ভূমি অফিসে
এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
ধামইরহাট উপজেলা ভূমি অফিস ও উমার-আলমপুর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
গণশুনানিতে অংশ নেওয়া গাংড়া গ্রামের ৫৫ বছর বয়সী হাদিউল ইসলাম বলেন, ‘এখানে এসে অনেক সুবিধা হয়েছে। ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি।’
দক্ষিণ ফার্সিপাড়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, ‘গণশুনানির মাধ্যমে সরাসরি বিষয়টি জানাতে পেরেছি। ভালো হয়েছে। সমস্যাটির সমাধানও হয়েছে।’
এ বিষয়ে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ বলেন, ‘ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাগ্রহীতাদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাচ্ছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’