সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কবরস্থানেই শায়িত হবেন মরিয়ম


সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

কবর খোঁড়ার কাজ শেষ। পারিবারিক কবরস্থানে স্বজনদের পুরোনো কবরের পাশে প্রস্তুত করা হয়েছে নতুন কবর। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ১৯ বছরের তরুণী মরিয়ম খাতুন।

এখন স্বজনদের অপেক্ষা শুধু ঢাকা থেকে মরদেহ আসার। মরদেহ বাড়িতে পৌঁছালেই গভীর রাতে জানাজা ও দাফনের প্রস্তুতি নিয়েছে পরিবার।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ঘেঁষে ইটের সড়কটি চলে গেছে সরদারপাড়ার ভেতর। সড়কের পাশেই মরিয়মের বাবা মাসুম বিল্লাহর বাড়ি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে কয়েকজন নারী নীরবে দাঁড়িয়ে আছেন। মরিয়মের অকালমৃত্যু, ঢাকার ঘটনা ও মরদেহ বাড়িতে পৌঁছানো নিয়ে তাঁরা কথা বলছিলেন। বাড়ির ভেতরে চলছিল শোকের মাতম।

মরিয়মের চাচা মিলন সরদারের ঘরের সামনে বসে কান্নাকাটি করছিলেন স্বজনেরা। মিলন সরদার প্রবাসে থাকায় দাফনের প্রস্তুতি সামলাচ্ছেন তার স্ত্রী মুন্নী খাতুন।

মুঠোফোনে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনদের সঙ্গে কথা বলে তিনি জানান, মরদেহবাহী গাড়িটি পদ্মা সেতু পার হয়ে খুলনার কয়রা হয়ে আসছে। এরপর কয়রার কাশিরহাটখোলা খেয়াঘাট থেকে ট্রলারে করে গাবুরার বাড়িতে যেতে হবে। এতে গভীর রাত হয়ে যাবে।

মুন্নী খাতুন বলেন, ‘মরদেহ পৌঁছাতে অন্তত রাত ১২টা বাজবে। অ্যাম্বুলেন্সে থাকা স্বজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। মরদেহ পৌঁছালে আর দেরি করা হবে না। রাতেই গোসল ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

মরিয়মের স্বজন ও স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরদার বলেন, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর, মরিয়মের বয়স যখন দুই-তিন বছর, তখন থেকেই সে পরিবারসহ ঢাকায় থাকতো। অল্প বয়সে মেয়েটির এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

একই এলাকার ৮২ বছর বয়সী সাবেক গ্রাম পুলিশ গোলাম রহমান বলেন, ‘মেয়েটি ছোটবেলা থেকেই ঢাকায় থাকতো। মাঝে মাঝে শুনতাম, সে লেখাপড়া করছে, এসএসসি পরীক্ষাও দিয়েছে। কিন্তু এত অল্প বয়সে এমন একটি দুর্ঘটনা কেন ঘটল, কিছুই বুঝতে পারছি না।’

প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে ঢাকায় থাকলেও মরিয়মের দাদা ইউনুস সরদার ও দাদি এখনো গ্রামেই থাকেন। নাতনির মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে দাদা ইউনুস সরদার বাড়ির এক কোণে চুপচাপ বসেছিলেন। কারও সঙ্গে কথা বলছিলেন না।

উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত রোববার সন্ধ্যায় মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলায় মরিয়মের স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নিয়েছে। অন্য আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});