ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-তারাগন সড়কটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থান থেকে পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদায় পরিণত হচ্ছে। এতে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী, অসুস্থ রোগী, যানবাহনের চালকসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আখাউড়া-তারাগন সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল। এই সড়ক দিয়ে প্রতিদিন তারাগন, ধাতুরপহেলা, তুলাবাড়ি, কুসুমবাড়ি, আদমপুর, কর্ণেলবাজারসহ অন্তত ১৫টি গ্রামের মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অধিকাংশ অংশ এখন বেহাল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, আখাউড়া-তারাগন সড়কের প্রবেশমুখের বড় ব্রিজ থেকে তারাগন অংশের অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে, আবার কোথাও বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগের শেষ নেই। অধিকাংশ অংশই বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে সবচেয়ে বেশি কষ্ট হয়। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
মো. খোরশেদ আলম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন ছোট-বড় নানা ধরনের যানবাহন চলাচল করে। বর্তমানে অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভোগের বিষয়টি কেউ গুরুত্ব দিয়ে দেখছে না।
স্থানীয় বাসিন্দা মো. রনি বলেন, একসময় সড়কটি ভালো ছিল। পানির ট্যাংকির কাজের জন্য পাইপ বসানোর সময় সড়ক ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এখন এই সড়ক দিয়ে চলাচল করতেই ভয় লাগে।
অটোরিকশাচালক সবুজ মিয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। তারাগন অংশে পানির ট্যাংকির কাজ চলছে। ওই কাজের জন্য পাইপ বসাতে গিয়ে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। ভাঙা সড়ক দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. মিজান মিয়া বলেন, আখাউড়া-তারাগন সড়ক দিয়ে প্রতিদিন নানা প্রয়োজনে শত শত মানুষ শহরে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। একবার এই রাস্তা দিয়ে যাতায়াত করলে দ্বিতীয়বার যেতে ইচ্ছে করে না। দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন বলেন, আখাউড়া-তারাগন সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে বর্তমানে সড়কের কাজ করা যাচ্ছে না। আবহাওয়া ভালো হলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।