সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন।
সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন শুরু করেন মন্ত্রী। এ সময় তিনি গুরুত্বপূর্ণ ৯টি সড়ক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বন্যার পর তাদের চলাচল ও দৈনন্দিন জীবনে সৃষ্ট ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন তিনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো শুধু সাময়িকভাবে সংস্কার করলেই হবে না। ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্যায় সড়ক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা।