দৃষ্টিশক্তির যত্ন, চশমার ব্যবস্থাপত্র এবং চোখের বিভিন্ন রোগের প্রাথমিক ব্যবস্থাপনায় অপটোমেট্রিস্টদের ভূমিকা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে চাঁদপুরে বিভাগীয় সাংগঠনিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া হোটেল অ্যান্ড কনভেনশন হলে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির (বিওএস) চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. মো. আনোয়ার হোসাইন শেখ।
বিশেষ অতিথির বক্তব্য দেন একই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. রাশেদুর রহমান তালুকদার ও কো-অর্ডিনেটর (প্রোগ্রাম অ্যান্ড অ্যাডমিন) প্রকৌশলী শামীম খান।
সেমিনারে অপটোমেট্রিস্ট ও অপথালমোলজিস্টদের কাজের ক্ষেত্রে উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. দিদারুল ইসলাম, ডা. মো. বুলবুল আক্তার পিএইচডি, মোহাম্মদ সালাহ উদ্দিন ও ফাহমিদা আক্তার।
বক্তারা বলেন, অপটোমেট্রি অনেকের কাছে তুলনামূলক নতুন একটি পেশা। এ ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে পেশাজীবীদের অবহিত করা এবং অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যেই এ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, আধুনিক অপটোমেট্রির বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে তা সাধারণ মানুষের চক্ষুসেবা দেওয়ার ক্ষেত্রে কাজে লাগানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সম্প্রতি অপটোমেট্রি পেশাজীবীদের বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আওতাভুক্ত করা হয়েছে বলেও জানান বক্তারা।