তিন পার্বত্য জেলায় আগামীতে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে তিন কোটি টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টাউন হলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকার দলমত বিবেচনা না করে মেধাবীদের মূল্যায়ন করবে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই জনগণের উন্নয়নে কাজ করছে সরকার। এর সুফল অচিরেই জনগণ ভোগ করবেন এবং তা উপলব্ধি করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়িতে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৭৭৮ শিক্ষার্থীর মধ্যে মোট ৯২ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ ছাড়া জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়। জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতজা আলী খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সেলাই মেশিন পাওয়া নারী উদ্যোক্তা ও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
পরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলার গিরীফুল শিশু সদনের ছাত্রাবাস এবং কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখপাড়া খালের ওপর নির্মিত গার্ডার সেতু উদ্বোধন করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলার মাটিরাঙ্গায় একটি মসজিদ ভবন ও একটি সেতুর নির্মাণকাজ শেষে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।