ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় জানানো হয়, আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের বাজার, জনসমাগমস্থলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পরিষ্কার ও পর্যবেক্ষণের আওতায় আনা হবে। বিশেষ করে যেসব স্থানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন ও উপদ্রবের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় আরও জানানো হয়, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। এ জন্য পুরো উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।