জয়পুরহাট সদর উপজেলায় এক কৃষকের প্রায় ৭০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলন্ত অবস্থায় থাকা পুরো বাগান নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক নূর মোহাম্মদ। তার দাবি, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ (৩৬) সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে। গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে প্রায় ৭০০টি কলাগাছ নিয়ে বাগানটি গড়ে তুলেছিলেন তিনি।
নূর মোহাম্মদ জানান, কলাবাগান করার জন্য এনজিওসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নেন তিনি। দীর্ঘদিনের শ্রম ও পরিচর্যার পর অধিকাংশ গাছে থোড় আসে এবং কাঁচা কলা ধরতে শুরু করে। মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানের প্রায় সব কলাগাছ কেটে দেয়।
বুধবার সকালে বাগানে গিয়ে বিষয়টি দেখতে পান নূর মোহাম্মদ। পরে স্থানীয়দের জানিয়ে বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
নূর মোহাম্মদ বলেন, “দীর্ঘদিনের পরিশ্রম আর অনেক আশা নিয়ে বাগানটি গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছে থোড় এসেছিল, কাঁচা কলাও ধরেছিল। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের আশা করেছিলাম। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কৃষক নূর মোহাম্মদের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।