‘পরিস্কার-পরিচ্ছন্ন থাকি, মশাহীন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করি’ এই স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা, পৌরসভা, পলিটেকনিক ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মূল স্লোগানকে সামনে রেখে পৌর ভবনের সামনের সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সামনের পুকুরের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে কাজ করবেন বলে জানান তিনি। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ভোলা- ২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়েছে।