নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নবগঙ্গা নদী থেকে আরিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পার বিষ্ণুপুর গ্রামের নবগঙ্গা নদী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে।
এর আগে গত শনিবার দুপুরে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পরে বিকেলে ঘটনাস্থলের পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত রাফিয়া ও আরিয়া দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিখোঁজের দুই দিন পর আজ সোমবার দুপুর ১২টার দিকে পুরুলিয়া ইউনিয়নের পার বিষ্ণুপুর গ্রামের নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু আরিয়ার মরদেহ উদ্ধার করেন।
গত শনিবার (২৮ মার্চ) দুপুরে রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু মহিষখোলা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর খেয়াঘাট এলাকায় চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করলেও অপর শিশু আরিয়া নিখোঁজ থাকে।
এর আগে গতকাল রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালিয়ে শিশু আরিয়ার সন্ধান না পেয়ে পরিবারের সম্মতিতে বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
