সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি সই হতে পারে।
এর আগে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার উদ্যোগের পর এবার এয়ারবাসের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের কথা জানাল সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। এয়ারবাসও কেনা হবে। আগামী অক্টোবরেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি হবে। যেখান থেকেই দেশের লাভ হবে, সেখান থেকেই কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।’
‘কোনো চাপে পড়ে উড়োজাহাজ কেনা হচ্ছে না। দেশের প্রয়োজনেই কেনা হচ্ছে। বিভিন্ন স্থানে নিজস্ব ফ্লাইট চালাতে পারলে উপার্জন বাড়বে। তা ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা রয়েছেন, সবাই নিজেদের উড়োজাহাজ ব্যবহার করার সুযোগ পাবেন’, যোগ করেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অনুমোদন দিয়েছে একনেক। আগামী ১৬ ডিসেম্বরে টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। পুরোপুরি প্রস্তুত হতে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগবে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’
মাহদী আমিন বলেন, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে…