বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়। প্রশিক্ষণ শেষে মোট ১৯ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী, অধ্যক্ষ, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা।
প্রশিক্ষণ কোর্সে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অর্জিত কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণ, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বান্দরবানে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।