নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারনৈ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ এলাকায় সীমান্তের মেইন পিলার ১১৭৭/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মদ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা ভারতীয় মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানান তিনি।