উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া চাপ কিছুটা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় উচ্চ ব্যয়ে ব্যবসা পরিচালনা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন গভর্নর।
মোস্তাকুর রহমান বলেন, উদ্যোক্তাদের এই চাপ মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে।
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামে একটি কর্মসূচির পরিকল্পনার কথাও জানান গভর্নর। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচিটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের সুবিধা বাড়াতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া উত্তরবঙ্গের কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো কৃষিমূল্য শৃঙ্খলকে গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।