নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত সারোয়ার হোসেন রাজশাহীর পবা উপজেলার শরিসাকুড়ি গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি রুপশী বাংলা ফিড মিলে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে শেরকোল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ডিজেলচালিত একটি ভুটভুটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।