মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালী নিয়ে নতুন সিদ্ধান্ত অনুমোদন ইরানের, থাকছে নিষেধাজ্ঞাও

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজের হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিকল্পনায় আর্থিক কাঠামো তৈরি, রিয়ালভিত্তিক টোল ব্যবস্থা চালু, প্রণালীতে ইরানের সার্বভৌম ভূমিকা জোরদার করা এবং অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে সমন্বয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের মতে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ফি আরোপ করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে প্রতিপক্ষ ও তাদের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

সমুদ্র পর্যবেক্ষকদের মতে, এখনও প্রতিদিন কিছু জাহাজ প্রণালীটি অতিক্রম করছে, যা ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। এর মধ্যে কিছু জাহাজ তেহরানের অনুমোদিত নির্দিষ্ট পথ ব্যবহার করছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরান আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, যা অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।

ভারতের বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, অন্তত ১০টি বিদেশি পতাকাবাহী জাহাজ উপসাগরে আটকে রয়েছে। সেগুলো মূলত ভারতের জন্য জ্বালানি বহন করে।

এছাড়া ভারতের পতাকাবাহী ১৮টি জাহাজ, যেগুলো এলপিজি, অপরিশোধিত তেল ও এলএনজি বহন করছে, সেগুলো হরমুজ প্রণালীর পশ্চিমে নোঙর করে আছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছেন, ১০টি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যা ইরানের সঙ্গে আলোচনার অংশ হিসেবে একটি ‘সৌজন্যমূলক পদক্ষেপ’।

সূত্র: সৌদি গ্যাজেট



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।