চাঁদা দাবির অভিযোগ ও নিরাপত্তাহীনতার কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন দুর্গম থানচি উপজেলার বাসিন্দা, ব্যবসায়ী, রোগী ও পর্যটকেরা। বিকল্প হিসেবে স্থানীয়ভাবে ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত জিপে যাতায়াত করতে গিয়ে তাঁদের স্বাভাবিক ভাড়ার প্রায় দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সভাপতি মো. আবদুল শুক্কুর বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বাসমালিক ও চালকদের অভিযোগ, একটি সশস্ত্র সংগঠনের সদস্যরা তাঁদের কাছে চাঁদা দাবি করেছেন। পাশাপাশি বাস চালালে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে গত ৭ অক্টোবর থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকেরা।
বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। থানচির বাসিন্দা মংহ্লা মারমা জানান, থানচি বাসস্টেশনে গিয়ে বাস চলাচল বন্ধ দেখতে পান তিনি। পরে বাধ্য হয়ে চাঁদের গাড়িতে গন্তব্যে যান। স্বাভাবিক সময়ে এ পথে ৩২০ টাকা ভাড়া লাগলেও তাঁকে দিতে হয়েছে ৬০০ টাকা।
একই ধরনের ভোগান্তির কথা জানান থানচির আরেক বাসিন্দা চাছাইমং। তিনি বলেন, শনিবার সকালে বাসস্টেশনে গিয়ে বাস না পেয়ে দুই ঘণ্টার বেশি অপেক্ষা করেন। পরে অন্য যাত্রীদের সঙ্গে চাঁদের গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা হন। এতে নির্ধারিত ভাড়ার তুলনায় প্রায় দ্বিগুণ খরচ করতে হচ্ছে তাঁকে।
বাস মালিক সমিতির সভাপতি মো. আবদুল শুক্কুর বলেন, বৃহস্পতিবার সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তাঁদের সমন্বয় হয়েছিল। শুক্রবার থেকে বাস চলাচল শুরুর কথা ছিল। তবে দাবিদাওয়া পূরণ না হওয়ায় চালকেরা বাস চালানো বন্ধ রেখেছেন। পাহাড়ের একটি সশস্ত্র সংগঠনের সদস্যরা চালকদের এ সড়কে গাড়ি চালাতে নিষেধ করেছেন এবং তা অমান্য করলে অপহরণের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.