নওগাঁর মান্দায় প্রশাসনের অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটা নতুন নামে চালুর প্রস্তুতি নিয়ে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর মান্দা উপজেলার জলছত্র মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই গত মৌসুমে বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখা হয়েছিল। এ অপরাধে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না পর্যন্ত ভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
এর আগে, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড় এলাকায় ‘এএমবি (AMB) ব্রিকস’ নামের বন্ধ থাকা ইটভাটাটি সংস্কার করে ‘রাজ ব্রিকস (Raj Bricks)’ নামে চালুর প্রস্তুতির বিষয়টি উঠে আসে ডেইলি বাংলাদেশে প্রকাশিত সংবাদে। সরেজমিনে ভাটাটির বিভিন্ন অংশে প্লাস্টার, ইট তৈরির খলিয়ান সংস্কার এবং ইট পোড়ানোর জন্য কাঠ সংগ্রহের প্রস্তুতি দেখা যায়।
এ বিষয়ে ইটভাটার পরিচালক নূরুল ইসলাম জানিয়েছিলেন, প্রয়োজনীয় কাগজপত্রের জন্য কোনো আবেদন করা হয়নি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় ভাটাটির বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন দেখা দেয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ইটভাটার নির্মাণকাজ পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.