চাঁদপুরের শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে অবস্থান এবং অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে কর্মসূচির প্রথম সেশনের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।
প্রথম দিনের কার্যক্রমে ২০ জন রোগীর অস্ত্রোপচারের মধ্য দিয়ে কার্যক্রমটি শুরু হয়। অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের (এফসিপিএস ও এমএস) নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক এ অস্ত্রোপচার পরিচালনা করেন। হাসপাতালটির চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসা কর্মসূচি চালু করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি কোনো এককালীন চিকিৎসা ক্যাম্প নয়; বরং দেশের যেকোনো প্রান্ত থেকে আসা রোগীদের জন্য একটি নিয়মিত সেবা কার্যক্রম। প্রতি তিন মাস পরপর অথবা কমপক্ষে ১০ জন রোগী নিবন্ধিত হলেই অস্ত্রোপচারের আয়োজন করা হবে।
ডা. আরিফ উল বলেন, “প্রত্যন্ত অঞ্চলে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক রোগী দেখা যায়, যারা আর্থিক অসচ্ছলতা ও সুযোগের অভাবে চিকিৎসা করাতে পারেন না। অসহায় এসব রোগীর মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন উদ্যোগ।”
উল্লেখ্য, ডা. আরিফ উল হাসান ইতিপূর্বেও একাধিক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে প্রশংসিত হয়েছেন। এর মধ্যে ২০২৬ সালের এপ্রিলে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ও ২০২৬ সালের জুনে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন তিনি। এছাড়া, গত ৭ আগস্ট ২০২৬ তারিখে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণের পাশাপাশি ২০২৪ সালে পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
স্থানীয়দের আশা, এ উদ্যোগের ফলে বিশেষ করে অসচ্ছল পরিবারের জন্মগত সমস্যায় ভোগা শিশুদের চিকিৎসাসেবা পাওয়া এখন অনেক সহজ হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.